| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
চট্টগ্রাম: চট্টগ্রামে ১৮ দলের ৭২ ঘণ্টার টানা অবরোধ চলাকালে নগরীতে অবরোধকারীদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ১৮ দলের কর্মীরা ইস্পাহনী রেল গেইট এলাকায় রেললাইনে অবরোধ করায় চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুলিশের ব্যাপক গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সংঘর্ষের সুত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ কে খান গেইট, অলংকার মোড় এলাকায় থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সকালে অজ্ঞাতনামা কয়েকজন অবরোধকারীসহ এক পুলিশও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য আনিছুর রহমানকে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
সকাল থেকে অবরোধকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেল হাট, অলঙ্কার মোড় এলাকায় অবস্থান নেয়ার পর র্যা ব পুলিশ তাদের ধাওয়া দিলে দুপক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। পরে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিয়ে প্রধান সড়ক থেকে ইস্পাহানী রেল গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে অবরোধকারীরা রেল লাইনে ওপর অবস্থান নিয়ে আগুন দিয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকালে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন সময়মত ছেড়ে যায়। সুবর্ণের এক স্টাফ জানায়, সকাল সোয়া ১১টায় ট্রেনটি আশুগঞ্জ এলাকা অতিক্রম করছিল। যাত্রাপথে তারা কোথাও বাধাপ্রাপ্ত হননি।
সূত্র জানায়, সুবর্ণ ছাড়া মহানগর প্রভাতিসহ অন্য কোনো ট্রেন স্টেশন ছেড়ে যেতে অথবা প্রবেশ করতে পারেনি। ঢাকা থেকে চট্টগ্রামমুখী গোধূলী এক্সপ্রেস ফৌজদারহাট স্টেশনে আটকা পড়ে।
অন্যদিকে, সকালে চান্দগাঁও থানা এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। মিছিলটি পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয় দুইজনকে।
নগরীর প্রধান তিন প্রবেশমুখ সিটি গেইট, কর্নফুলী নতুন ব্রিজ ও অক্সিজেন-হাটহাজারী বেল্টে কড়া অবরোধের কারণে নগরীতে কোনো যানবাহন প্রবেশ অথবা ছেড়ে যেতে পারেনি।
Posted ১৫:১৩ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin