| শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারিই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা নির্বাচনী প্রক্রিয়ায় আছে তাদের নিয়েই নির্বাচন হবে।
বৈঠকে আওয়ামী লীগের ৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, এটা প্রাথমিক আলোচনা। আলোচনা আরও হবে। জাতিসংঘের পক্ষ থেকে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ নির্বাচন চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে আলোচনার বিষয়-বস্তু জানতে আমাদেরকে আরো সময় দিতে হবে।
সব দলের অংশগ্রহণে নির্বাচনের জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তা ফলপ্রসু হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, জাতিসংঘের এ প্রতিনিধি’র সঙ্গে আমাদের আরো ২-৩ দফা বৈঠক অনুষ্ঠিত হবে, তখন বিষয়টি আরো পরিস্কার হয়ে যাবে।
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গেও আমাদের এখানে আলোচনা হয়েছে এবং তা ফলপ্রসু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আশা করছি এ আলোচনাগুলোও ফলপ্রসু আলোচনা হবে।
দুপুর দেড়টার দিকে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য গওহর রিজভীকে সঙ্গে নিয়ে হোটেল সোনারগাঁয়ে প্রবেশ করেন তিনি।
সেখানে আগে থেকেই অবস্থান করেছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আর্ন্তজাতিক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান, সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা।
এরপর আশরাফ প্রতিনিধি দলের সকল সদস্যকে নিয়ে বৈঠক রুমে প্রবেশ করেন। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে আসে প্রতিনিধি দলটি।
আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে সৈয়দ আশরাফের বক্তব্যকালে সবাই উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীকে দ্রুত হোটেল থেকে বের হয়ে যেতে দেখা যায়।
উল্লেখ্য এর আগে সকালে অস্কার ফার্নান্দেজ তারানকো পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন।
Posted ১৫:৩১ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin