| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
গোপালগঞ্জের নাম শুনলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গায়ে জ্বালা ধরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে জন্ম নিয়ে নিজের গর্ব প্রকাশ করে তিনি বলেন, আমার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। উনি যতই গোপালী বলুক, গোপালীরাও তো কপালী হয়। শুধু গোপালগঞ্জ নয়, সব এলকায় সুষমভাবে উন্নয়নে আওয়ামী লীগ বিশ্বাস করে।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, যাঁর জন্ম এদেশে না, তাঁর এদেশের মাটির প্রতি টান থাকবে না। জন্ম নিয়েছেন ভারতে আর অন্তরাত্মা রয়ে গেছে পাকিস্তানে।
গত রোববার নয়া পল্টনে পূর্বঘোষিত সমাবেশে যেতে না পেরে ক্ষুব্ধ খালেদা জিয়া তাঁর গুলশানের বাসায় নিরাপত্তাকর্মীদের তিরস্কার করেন। গোপালগঞ্জ জেলা নিয়েও তিরস্কার করেছেন। এর জবাবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) বলতেই পারেন। কারণ উনার জন্ম বাংলাদেশের মাটিতে না। উনার জন্ম ভারতের শিলিগুঁড়িতে।
বাংলাদেশে খালেদা জিয়ার ভালো না লাগলে ‘পেয়ারা’ পাকিস্তানে চলে যেতে পারেন পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি মনে মনে বলেন ইয়ে মেরা জান পেয়ারা পাকিস্তান।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা, মানুষ ভালো থাকবে, আর্থ-সামাজিক উন্নয়ন উনি গ্রহণ করতে পারেন না। পরাজিত শক্তির দোসররা বাংলাদেশ এগিয়ে যাবে তা সহ্য করতে পারে না।
ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন। উপস্থিত ছিলেন, কাজী আকরাম হোসেন, আবুল বারাকাত ও মোল্লা আবু কাউছার।
গোপালগঞ্জ নিয়ে বিরূপ মন্তব্যের জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ঢাকাস্থ গোপালগঞ্জ সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি বলেন, আমরা চাই উনি ক্ষমা চাইবেন, নইলে আমরা উনার বাড়ির দিকে লংমার্চ করব। খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে অর্থনীতিবীদ আবুল বারাকাত তাঁর পক্ষ থেকে গোপালগঞ্জবাসীর কাছে ক্ষমা চান।
তিনি বলেন, খালেদা জিয়া গোপালগঞ্জবাসীদের গোপালী অ্যাখ্যায়িত করেছেন। এটি তাঁর মানসিক বৈকল্য, সাংস্কৃতিক দৈন্য, রাজনৈতিক বিকলাঙ্গতার বড় পরিচয়। আমি গোপালগঞ্জবাসী নই। তবে কাছাকাছি কুষ্টিয়ায় বাড়ি। গোপালগঞ্জবাসীর কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত। আমি জানি তিনি তা চাইবেন না। যেহেতু আমি গোপালগঞ্জের নাগরিক নই, সমাজের একজন ব্যক্তি এজন্য আমি তাঁর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইলাম।
তবে অনুষ্ঠানে উপস্থিত গোপালগঞ্জ এলাকার লোকজন, ‘মানি না, মানি না’, ‘চলবে না, চলবে না’- বলে চিৎকার করে খালেদা জিয়াকেই ক্ষমা চাইতে হবে বলে স্লোগান দিতে থাকেন।
Posted ১০:১৮ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin