| রবিবার, ১৮ মে ২০১৪ | প্রিন্ট
১৮ মে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করেছে সরকার। তবে স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের কর্তব্যবোধও থাকতে হবে।
রবিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে গণমাধ্যমকে কাজ করতে হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করি। এটা সুশাসনের জন্য প্রয়োজন।
তিনি বলেন, স্বাধীনতা ভালো তবে সেই স্বাধীনতার সঙ্গে কর্তব্যবোধ ও দায়িত্ববোধ থাকে সমাজের প্রতি। সেই দায়িত্ব শীলতাটাও সকলের থাকা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের জন্য সমপ্রচার নীতিমালা থাকা জরুরি। এর খসড়া ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, রেডিও এর জন্য আমাদের একটি নীতিমালা থাকা দরকার। পৃথিবীর সব দেশেই আছে। এই নীতিমালার একটি খসড়া তৈরি হয়েছে। নীতিমালাটা হওয়া একান্তভাবে জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছোট শিশুরা টেলিভিশন দেখে, বয়োবৃদ্ধরা টেলিভিশন দেখে, পারিবারিক ভাবে সবাই মিলে একসঙ্গে টেলিভিশন দেখে, এসব ক্ষেত্রে শিশুদের ও বয়োবৃদ্ধদের ওপর যাতে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া কিংবা মানসিক প্রতিক্রিয়া না পড়ে এদিকে একান্তভাবে লক্ষ্য রাখা প্রয়োজন।
তিনি বলেন, আমাদের রেডিও মানুষ শোনে। একে গুরুত্ব দিতে হবে। চলচ্চিত্রকে গুরুত্ব দিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সঠিক তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, মিথ্যা ও বিকৃত ইতিহাস বাদ দিতে হবে। এসব পড়ে আরো বিকৃতি বেড়ে যাবে।
Posted ১২:০৫ | রবিবার, ১৮ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin