ডেস্ক রিপোর্ট | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
গণভবনের সামনে গ্যাসের পাইপে চার ইঞ্চি ব্যাসের ফেটে যাওয়া ভাল্ভটি প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে আজ সকালে তিতাস লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করে। এর জেরে ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলিসহ সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
গত ৭ জানুয়ারি নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে যায়। ওই ঘটনার চার দিনেও কাজ শেষ হয়নি।
চার দিন ধরেই ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলছে না। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত সংশ্লিষ্ট পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। এছাড়া অন্য এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। ফলে রাজধানীবাসীর একটি অংশ ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলিতে কাজ সারছেন। অনেকে বাইরে থেকে খাবার কিনেও খাচ্ছেন। এদিকে যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন না, এলপিজি ব্যবহার করেন তারা এই মুহূর্তে সংকটে আছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ দামে কিনে ব্যবহার করতে হচ্ছে।
Posted ১৩:২৬ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain