| মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৫ মার্চ: সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য সংলাপের তাগিদ দিয়েছে অস্ট্রেলিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সফররত দেশটির সহকারী পররাষ্ট্র সচিব পল রবিলিয়ার্ড এ মনোভাব প্রকাশ করেন।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পল রবিলিয়ার্ডের বরাত দিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি (পল রবিলিয়ার্ড) বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দ্রুত সংলাপ শুরু করা উচিৎ। এর মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।
শমসের মবিন জানান, চেয়ারপারসনের কথার সঙ্গে অস্ট্রেলীয় সহকারী পররাষ্ট্র সচিব একমত পোষণ করেন।
অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্র সচিব ও বিএনপি চেয়ারপারসনের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
Posted ১৮:১৬ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin