| শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : বর্তমান গণতন্ত্র ভারতের জন্য বাংলাদেশের জনগণের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানববন্ধন ও বিক্ষোভের ভাষা যে সরকার বুঝে না সে সরকারের কাছ থেকে জনগণের ভাল কিছু আশা করা হবে ভুল। সরকারকে আন্দোলনের মাধ্যমে বুঝাতে হবে এবং সমুচিত জবাব দেওয়া হবে।
তিনি বলেন, সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ দেশের সকল কোর্টকে মুজিবকোর্টে রূপান্তরিত করেছে। দেশে স্বাধীনতা ও সুষ্ঠু বিচারকার্য ফিরিয়ে আনতে হলে কোর্টগুলোকে মুজিবকোর্টের আওতামুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, রগকাটা, হামলা-মামলার সরকার ক্ষমতায় রেখে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। তাই দুর্বার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।
সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডিআরইউ এর সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
Posted ১৫:৩১ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin