| শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুদরতি হাতে চার্জ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, “যে কুদরতি হাতে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, সে হাত অনেক প্রসারিত। সে হাত বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দেয় না। যে হাত নির্বাচন ছাড়াই সংসদে ১৫৩ টি আসন দখল করেছে।”
ক্ষমতা চিরস্থায়ী করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উচ্চ আদালতে গেলে এ চার্জশীট টিকবে না, টিকতে পারে না বলেও দাবি করেন রফিকুল ইসলাম মিয়া।
কৃত্রিমভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “সরকার ভারতের বেলায় হ্যাঁ আর জনগণের বেলায় না। এই হ্যাঁ-না এর মধ্যে জনগণ হাবুডুবু খাচ্ছে।”
তিনি আরো বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা ছোট কারাগারে রয়েছে। আমরা যারা বাইরে তারা বৃহৎ কারাগারে রয়েছি। এই করাগারের সুপার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কারারক্ষী হিসেবে রয়েছেন মন্ত্রী এবং এমপিরা।”
মানবন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির গণশিক্ষা সম্পাদক সানাউল্লাহ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
Posted ২০:০২ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin