| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী হিসেবে চূড়ান্ত সমর্থন পেয়েছেন মিজানুর রহমান (ভিপি মিজান)। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মৌলভীবাজার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে চূড়ান্ত সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিপি মিজানের পক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেয়া হয়েছে চিঠিতে। এই চিঠি বিএনপি’র প্রার্থী নিয়ে বিভ্রান্তি দূর করবে বলে মিজানের কর্মী-সমর্থকরা জানিয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন আগামী ২৩শে মার্চ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। দলীয় নির্বাচন কাগজে-কলমে না হলেও প্রার্থী মনোনয়নে দলীয় ভূমিকাই থাকছে বেশি। আওয়ামী লীগ তৃণমূল ভোটে প্রার্থীর নাম চূড়ান্ত করছে। ফলও ভাল পাচ্ছে।
ইতিমধ্যে জেলায় হয়ে যাওয়া দু’টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দু’জনই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় কুলাউড়া উপজেলা নির্বাচনে বিএনপি হেরেছে। সমপ্রতি সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেদা রব্বানী। আর এর জন্য তিনি জেলা সভাপতি নাসের রহমানের ভূমিকাকে দায়ী করেছেন।
এদিকে সদর উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী দু’জন। একজন মিজানুর রহমান (ভিপি মিজান)। অপরজন সদ্য বিএনপিতে যোগ দেয়া আবদুল মছব্বির। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেদা রব্বানী মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে ৬ই মার্চ জানান।
১১ই মার্চ বিএনপি’র সভাপতি নাসের রহমান দাবি করেন সদর উপজেলায় বিএনপি’র দু’জন প্রার্থী। উভয়ের বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়। পরে বেগম খালেদা রব্বানী মৌলভীবাজার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে নাসের রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন এবং বিএনপি’র একক প্রার্থী মিজানুর রহমান তা পুনর্ব্যক্ত করেন। তা পত্রিকায় প্রকাশিত হয়। সর্বশেষ ১৮ই মার্চ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভী জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলের পক্ষ থেকে একটি চিঠি পাঠান। এ চিঠির মাধ্যমে ২৩শে মার্চ অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে মিজানুর রহমানকে বিএনপি সমর্থিত একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঘোষিত প্রার্থীর পক্ষে একনিষ্ঠভাবে নির্বাচনে অংশ নিতে নির্দেশ দেন। ওই চিঠিতে সতর্ক করে আরও বলা হয়, দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে দলীয় কোন নেতা-কর্মী অবস্থান নিলে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এদিকে দলের হাই কমান্ড থেকে চিঠি আসায় মিজান সমর্থক নেতা-কর্মীরা জানিয়েছেন সদর উপজেলায় বিএনপি’র একক প্রার্থী নিয়ে বিভ্রান্তি দূর হবে। মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি নাসের রহমান গতকাল (২০শে মার্চ) দুপুরে মুঠোফোনে জানিয়েছেন কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি’র একক প্রার্থী বিষয়ে কোন চিঠি তিনি পাননি। খবর নিয়ে দেখেছেন তার ঢাকার বাসায়ও কোন চিঠি যায়নি। তিনি জানান, ১০ই মার্চ থেকে প্রার্থী নিয়ে মাঠে কাজ করছেন। পার্টি অফিস তাকে কিছু বলেনি।
Posted ১৬:৩৬ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin