| রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৯ ডিসেম্বর : এক তরফা নির্বাচনের তফসিল বাতিল না করা পর্যন্ত সোমবার থেকে নৌপথ, রেলপথ ও সড়ক পথে অবস্থান কর্মসূচি পালন করবে ১৮ দলীয় জোট। একই সঙ্গে ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রাও চলবে।
রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন বীর বিক্রম এ কর্মসূচি ঘোষণা করেন।
মেজর (অব.) হাফিজ বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে। মার্চ ফর ডেমোক্রেসি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলনে বাধা দিয়ে মানুষের মৌলিক অধিকার হরন করা হয়েছে। গোটা জাতি দেখেছে কিভাবে তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে, দুটি বালুবাহী ট্রাক দিয়ে রাস্তা আটকে দেয়া হয়েছে। যাতে তিনি নয়া পল্টন আসতে না পারেন। একজন গণতন্ত্রকামী ব্যক্তি ও নিরস্ত্র ব্যক্তি কিভাবে আসতে পারেন। এতে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তিনি বলেন, পেটুয়াবাহিনী ও পুলিশ দিয়ে গুলি চালিয়ে গণতন্ত্রকামী মানুষের আন্দোলণ দমানো যাবে না। আন্দোলন চলবে। মার্চ ফর ডেমোক্রেসি চলবে। আগামীকাল ১০ টায় বেগম খালেদা জিয়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। একই সঙ্গে সোমবার থেকে নৌ, রেল ও সড়ক পথে ১৮ দলীয় জোট নেতাকর্মী, পেশাজীবীসহ গণতন্ত্রকামী মানুষ অবস্থান গ্রহণ করবে। যত দিন পর্যন্ত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের তফসিল বাতিল করা না হবে, ততদিন আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে করুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কঠোর সমালোচনা করেন এবং তীব্র নিন্দা জানান।
তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বলে দাবি করেন। আইন-শৃঙ্খলা বাহিনী ছেড়ে আসুন, দেখুন কার কতো জনপ্রিয়তা। নিরপেক্ষ নির্বাচন দেন, দেখুন কে কয়টা সিট পায়।
এছাড়া গণমাধ্যমকর্মীদের প্রিয় স্থান জাতীয় প্রেসক্লাবে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ইন্ধনদাতা হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর কঠোর সমালোচনা করেন তিনি।
Posted ১৯:০০ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin