| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: জামায়াতে ইসলামী আশঙ্কা প্রকাশ করেছে যে, মঙ্গলবার রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যেকর হতে পারে। এই খবরের উৎস হিসেবে জামায়াত বলেছে ‘বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।’
সোমবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এই আশঙ্কা কথা জানান।
বিবৃতিতে সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে সংবিধান, সুপ্রিমকোর্ট রুলস্ এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন তিনি।
জামায়াত নেতা বলেন, “আমরা আশা করেছিলাম, সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকবে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে যে, সরকার দ্রুত আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করতে চায়। এমনকি মঙ্গলবার রাতেও এ রায় কার্যকর হতে পারে মর্মে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে।”
তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জনাব আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। গোটা মামলার বিচার প্রক্রিয়া সরকার নির্দেশিত ছকে পরিচালিত হয়েছে। ট্রাইব্যুনাল দেশে-বিদেশে ব্যাপকভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্টারন্যাশনাল বার এ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস্ ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ট্রাইব্যুনালের আইনকে কালো আইন ও ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে অভিমত দিয়েছে।”
ডা. শফিকুর রহমান বলেন, “একদলীয় প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে দেশের ১৬ কোটি মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। সরকার কার্যত অচল হয়ে পড়েছে। এই মুহূর্তে তড়িঘড়ি করে জনাব আব্দুল কাদের মোল্লার রায় কার্যকরের নামে তাকে হত্যা করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হলে আওয়ামী লীগকে ইতিহাসের করুণ পরিণতি বরণ করতে হবে।”
Posted ১৪:৩৬ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin