| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ক্রীড়া ডেস্ক : দেশের আপামর ক্রিকেটপ্রেমীদের অনেক প্রত্যাশার এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে । ১২তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক এ ঘোষণা দেন।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এবং বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন। এ সময় এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ,পাকিস্তান,ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই টুর্নামেন্টে মোট ১১ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পাঁচ ম্যাচ ফতুল্লাহ খান সাহেব ওসমান গণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালসহ বাকী ৬ ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সৈয়দ আশরাফুল হক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকায় এশিয়া কাপ বাংলাদেশেই অনুষ্ঠিত হচ্ছে। এতে পাকিস্তানও অংশগ্রহণ করবে, কোন সমস্যা নেই। তবে এশিয়া কাপে প্রথমবার আফগানিস্তানকে নিয়েছি আমরা। আফগানিস্তান ওয়ানডে ক্রিকেটের মর্যাদা পেয়েও এখন পর্যন্ত বড় কোন টুর্নামেন্ট খেলতে পারেনি। তাই এশিয়া কাপে আফগানিস্তানকে সুযোগ দেয়া হয়েছে।’ এছাড়া তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে পাকিস্তান ১৯ জানুয়ারিতে ঢাকায় আসবে। এছাড়াও আগামী ২০ জানুয়ারিতে অনুষ্ঠেয় আইসিসি সভায় পাকিস্তানে নিরাপত্তা প্রতিনিধি উপস্থিত থাকবে। এ বিষয়টি নিয়েও আলোচনা হবে। তবে টুর্নামেন্টে পাকিস্তান খেলবেই। না খেলার কোন কারণ নেই।’ টুর্নামেন্টের পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দল পবে ৩০ হাজার মার্কিন ডলার। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় পাবে ৭ হাজার ৫শত মার্কিন ডলার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবে ১২ হাজার ৫শত মার্কিন ডলার। গ্রুপ চ্যাম্পিয়ন দল পবে ১০ হাজার ডলার। গ্রুপ ম্যাচ সেরা খেলোয়াড় পাবে ৫ হাজার ডলার। উল্লেখ্য, গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান আর রানার্স আপ দল বাংলাদেশ।
এক নজররে ২০১৪ এশিয়া কাপের সূচি- ২৫ ফেব্রুয়ারি: পাকিস্তান ও শ্রীলঙ্কা ফতুল্লাহ। ২৬ ফেব্রুয়ারি: বাংলাদেশ ও ভারত ফতুল্লাহ। ২৭ ফেব্রুয়ারি: আফগানিস্তান ও পাকিস্তান ফতুল্লাহ। ২৮ ফেব্রুয়ারি: ভারত ও শ্রীলঙ্কা ফতুল্লাহ। ১ মার্চ: বাংলাদেশ ও আফগানিস্তান ফতুল্লাহ। ২ মার্চ: ভারত ও পাকিস্তান মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ৩ মার্চ: আফগানিস্তান ও শ্রীলঙ্কা মিরপুর। ৪ মার্চ বাংলাদেশ ও পাকিস্তান মিরপুর। ৫ মার্চ: আফগানিস্তান ও ভারত মিরপুর। ৬ মার্চ: বাংলাদেশ ও শ্রীলঙ্কা মিরপুর।৮ মার্চ: ফাইনাল মিরপুর।
Posted ১০:৩৬ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin