| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সরকার মাজহারুল মান্নান রংপুর অফিস : বদলে গেছে রংপুর মহানগরীর চিরচেনা চিত্র। গতকাল রাজপথে দেখা গেছে হাজারো মানুষের ঢল। স্লোগানের ভাষাও নতুনÑ ‘এরশাদের বাসায় পুলিশ কেন শেখ হাসিনা জবাব চাই’। উত্তাল জনতার ভিড়ে দাঁড়িয়ে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙা ঘোষণা দিলেন ‘এরশাদকে কারাবন্দী করা হলে রংপুরের পাঁচ লাখ লোক স্বেচ্ছায় কারাবরণ করবে। সেই মুহূর্ত থেকেই শুরু হবে অসহযোগ আন্দোলন।’ মুহুর্মুহু করতালি দিয়ে সেই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করলেন এরশাদভক্তরা।
রাজধানীর প্রেসিডেন্ট পার্কে র্যাব পুলিশের কড়া নজরদারি এবং গ্রেফতার হলে আত্মহত্যা করবেন এরশাদের এমন বক্তব্যের পর বুধবার রাত থেকেই রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ভোরের আলো ফোটার আগেই এরশাদভক্ত মানুষেরা ভিড় জমাতে থাকেন নগরীর পায়রাচত্বরে জাতীয় পার্টি অফিস ও আশপাশের এলাকায়। বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের মিছিল শুরু হয় দুপুর সাড়ে ১২ টায়। মিছিলের পুরো সময়টাজুড়ে ছিল সরকারবিরোধী স্লোগান।
মিছিলটি প্রেস কাব ঘুরে কাচারী বাজার হয়ে আবারো পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলকারীরা পথিমধ্যে কাচারীবাজারে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মসিউর রহমান রাঙা ঘোষণা করেন, আমি এরশাদের নির্দেশ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এরশাদকে গ্রেফতার করা হলে রংপুরের পাঁচ লাখ নেতাকর্মী ও এরশাদভক্ত মানুষ স্বেচ্ছায় কারাবরণ করবে। সেই মুহূর্ত থেকেই অসহযোগ আন্দোলন শুরু করবে রংপুরের মানুষ। এ সময় তার ঘোষণাকে স্বাগত জানিয়ে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী করতালি দেন। রাঙা বলেন, সরকার বাড়াবাড়ি করলে উত্তরবঙ্গসহ সারা দেশ অচল হয়ে করে দেয়া হবে।
তিনি বলেন, ‘সরকারের এজেন্ডা বাস্তবায়নে এরশাদকে গ্রেফতার করা হলে আপনাদেরও আর ছাড় দেয়া হবে না। এরশাদকে নিয়ে অনেক খেলেছেন আর নয়’।
মিছিলের নেতৃত্বে ছিলেন মসিউর রহমান রাঙা, জেলা সেক্রেটারি আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট আবুল মাসুদ চৌধুরী নান্টু এবং জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতারা।
‘আমার বাসায় র্যাব কেন পুলিশ কেন, তোমরা প্রস্তুত থাকো’Ñএরশাদের মোবাইল বার্তা রংপুরে উত্তাল নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন ‘আমার বাসায় র্যাব কেন পুলিশ কেন, তোমরা প্রস্তুত থাকো।’ গতকালের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মোবাইলফোনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে মহানগর ও জেলা জাপার সভাপতি মসিউর রহমান রাঙার বক্তব্যের শেষ পর্যায়ে এরশাদ টেলিফোনে বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, যেকোনো নির্দেশ দিলে তা পালন করো। আর এখানে যারা মনোনয়নপত্র জমা দেয়াদের মধ্যে আছো তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নাও।
Posted ১৮:৪৮ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin