| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
কোমলমতি স্কুল শিক্ষার্থীদের সামনে মঞ্চে বসে ধূমপানের জন্য ফেসবুকে ক্ষমা চেয়েছিলেন আগেই। এবার নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
মঙ্গলবার বিকাল ৩টায় মৌলভীবাজার শহরের বেড়িরপাড় এলাকায় নিজের বাসভবনে তিনি এ সংবাদ সম্মেলন ডাকেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি অবচেতন মনে সোমবার সিলেটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করেছি। এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমার এ অনিচ্ছাকৃত ভুলকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।
সোমবার বিকেলে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসেই ধূমপান করেন মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
সবার সামনে বসেই সিগারেটে সুখটান দেয়ার ঘটনায় কয়েকশ’ শিক্ষার্থী-অভিভাবক ও অতিথি হতবাক হয়ে যান।
আর এ খবর সোমবারই ফলাও করে প্রচার করে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম। যা পরেরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
Posted ১৫:০০ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin