বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও এখন মহিলা নির্যাতিত হয়, স্বামী ছাড়া মহিলাদের রাতের বেলা বাড়িতে একাকী থাকতে হয়। এটা একজন মহিলা প্রধানমন্ত্রীর জন্য সবচাইতে লজ্জার। এর আগে দিনাজপুরে দেখে এলাম এই অবস্থা। সেখানে পুরুষরা গ্রামছাড়া হয়েছে। এখানেও একই অবস্থা।
তিনি বলেন, এই দেশ শুধু হিন্দুর নয়, মুসলমানেরও নয়, এই দেশ মানুষের দেশ। কোনো অন্যায় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ বিচার হবে। এর বাইরে কেউ যেতে পারবে না। এই দেশ শুধু হিন্দুর ভোটে চলবে না, মুসলমানেরও ভোট প্রয়োজন আছে।
তিনি আরো বলেন, মানুষের জীবন নিয়ে রাজনীতি করা উচিৎ নয়। রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। আর এখন রাজনীতি হচ্ছে মানুষকে অত্যাচার করা, বিষয় সম্পদ দখল করা। এটাকে রাজনীতি বলে না। এটা তষ্করি, এটা ডাকাতি। তিনি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতায় নিহত বিএনপি সমর্থক আবু হানিফের পরিবারের লোকজনকে সমবেদনা জানান। একপর্যায়ে তিনি গ্রামবাসী তিন নারীর বক্তব্য শোনেন।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্ত বাজার এবং নিহত-আহত লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভাটি হয় ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া গোপালপুর গ্রামে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুনুর অর রশিদ প্রমুখ, প্রেস কাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।