| সোমবার, ২৪ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৪ মার্চ: ৪র্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দিনে দুপুরে ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘গতকাল অনুষ্ঠিত ৪র্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ব্যালট ছিনতাই করেছে, জাল ভোট দিয়েছে শুধু তাই নয়। এটা প্রকাশ্য যে আওয়ামী লীগ সরকার দিনে দুপুরে ভোট ডাকাতি করেছে, তা অধিকাংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
সোমবার বিকেল সাড়ে তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রোববার অনুষ্ঠিত ৪র্থ দফা উপজেলা নির্বাচনের সার্বিক চিত্র ও বিএনপির আশঙ্কার কথা তুলে ধরে অনিয়মের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরও তারা নীরব রয়েছে। মনে হচ্ছে সরকার তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে রেখেছে। এজন্য তারাই নীরব রয়েছে।’
নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাধীনভাবেই কাজ করছে উল্লেখ করে রিজভী আরো বলেন, ‘নির্বাচন কেন্দ্রে প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে মানুষ হত্যা, সরকারি সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে গুলি করে মহাধুমধামের সাথে কেন্দ্র দখল প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে জাল ভোট প্রদান, সহিংসতা, প্রকাশ্যে ব্যলটে সিল মারা, বিএনপির এজেন্টদের বের করে দেয়া, ব্যালট বাক্স ছিনতাইয়ে স্বাধীন ভাবে কাজ করছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘সারাদেশে নির্বাচনচলাকালীন সময়ে সহিংসতা হলেও এইচটি ইমাম বিবৃতি দিয়ে বলছেন ভোট শান্তিুপূর্ণ হচ্ছে। এই ধরনের বিবেক বর্জিত ও নির্লজ্জ কিছু উপদেষ্টা নিয়োগ দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী।’ ৪র্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ গণতন্ত্রের গলা টিপতে টিপতে এমন অবস্থায় নিয়ে এসেছে যাকে এখন লাশ হিসেবে ঘোষণা করা বাকি আছে বলেও উল্লেখ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাৎ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিণ সুলতানা, মহানগরের যুগ্ম আহ্বায়ক তাতি দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১৬:১০ | সোমবার, ২৪ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin