ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট
ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় সেখান থেকে অন্তত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২ মার্চ) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্যে দেখা গেছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি থেকে এসব যুদ্ধবিমান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানে হামলার জন্য তার দেশ কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। তিনি বলেন, স্পেনের ঘাঁটিগুলো এই অভিযানে ব্যবহৃত হচ্ছে না এবং জাতিসংঘের সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কোনো কাজে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। স্পেনের এই কঠোর অবস্থানের কারণে মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে—তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সংঘাতে তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি; বরং আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে এ তথ্য জানানো হয়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
Posted ০৪:৩৩ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain