| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এ পর্যন্ত আলোচনা করেছি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। দশম জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতেই সংলাপে অংশ নিয়েছিলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নয়।”
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর আলোচনার সুযোগ নেই, একাদশে সমঝোতা হতে পারে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
ফখরুল বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে। এজন্যই ১৫৪ আসনে কোনো প্রার্থী নেই।”
তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।”
তফসিল বাতিল করে সব দলের অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থার জন্য ফখরুল আবারো সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার পৃথক পৃথক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতার আর সুযোগ নেই। নির্বাচন নির্দিষ্ট সময়েই করতে হবে। এখনো সমঝোতা হতে পারে একাদশ নির্বাচন নিয়ে। তার আগাম একাদশ নির্বাচনের ইঙ্গিতও দেন।
Posted ২২:২৩ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin