| শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
৮ মার্চঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “বিরোধী দলের সাম্প্রতিক আন্দোলনের সময় আমরা কয়েক মাসের জন্য ক্ষমতায় ছিলাম। এখন আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতায়। তাই হরতাল-অবরোধে বিএনপির লক্ষ্য কোনোভাবেই পূরণ হবে না।” তিনি আরো বলেন, “বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না।”
শনিবার বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায়- এ কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি করেছেন, “আগামী দিনে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দিয়ে অর্থনীতি ধ্বংসের চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।”
জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল বুঝতে পেরেছেন মন্তব্য করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “তাই শেখ হাসিনার অধীনেই উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন তারা। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তার প্রমাণ বিএনপি বেশি এলাকায় জিতেছে।”
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। তাই ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের চার লেনের কাজ দ্রুত সম্পাদন, চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও রিফাইনারি স্থাপন বর্তমান সরকারের অগ্রাধিকার। চট্টগ্রামের উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে শিগগির ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বর্তমান সময়কে গ্লোবালাইজেশন ও লিবারালাইজেশন হিসেবে অভিহিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে রপ্তানিতে অর্জিত ১৭ শতাংশ প্রবৃদ্ধিকে ২০ শতাংশে উন্নীত করা সম্ভব।
শিল্প-কারখানা স্থাপনের জন্য স্থান নির্বাচনের বিষয়ে সচেতন থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, যেখানে ফসল উৎপাদন হয়, সেখানে গণহারে শিল্পকারখানা গড়ে উঠলে দেশের খাদ্য উৎপাদন ভেস্তে যাবে। যেসব জায়গায় অকৃষি জমি রয়েছে, সেসব জায়গায় শিল্প-কারখানা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি।
পরে ফিতা কেটে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলার আয়োজন করে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম আবদুল লতিফ ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
Posted ০৬:৫৭ | শনিবার, ০৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin