| মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
০৭জানুয়ারি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধান বিরোধী দল বিএনপি দশম জাতীয় সংসদের নির্বাচনী ট্রেন মিস করে যে বোকামি করেছে অচিরেই তা টের পাবে।’ বিরোধী দল ‘সহিংসতা’ পরিহার করে সমঝোতায় না আসলে সরকার আরো হার্ডলাইনে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘দশম নির্বাচনী ট্রেন বিরোধী দল বিএনপি-জামায়াতের এতো সহিংসতা সত্ত্বেও গন্তব্যে পৌঁছে গেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ট্রেনের শিডিউল নিয়ে কথা বলে আর লাভ হবে না।’
বিএনপি-জামায়াতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যেগাযোগমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সহিংসতা-নৈরাজ্যের পথ পরিহার করে সমঝোতার পথে না আসলে সরকার তাদের দমনে আরো হার্ডলাইনে যেতে বাধ্য হবে।’
দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের দুর্বলতা কাটিয়ে উঠতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দুভ্যার্গজনক হলেও সত্য, এখন নেতা যত বাড়ছে কর্মী তত কমছে। আজকাল নেতারা পোস্টার লাগাতে লজ্জা পায়, মাইকিং করতে লজ্জা লাগে। এজন্য যারা পার্টটাইম আওয়ামী লীগ করেন, তারা এটা ভুলে যান। সামনে নেত্রীর নির্দেশ আছে নতুন করে সংগঠন ঢেলে সাজানোর। সঠিক কর্মী এবং নেতৃত্বই মূল্যায়নের মাপকাঠি হবে।’
‘আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ্য প্রত্যাবর্তন দিবস নতুন শপথে বলীয়ান হওয়ার সময়’- উল্লেখ করে তিনি বলেন, ‘জানুয়ারি মাস চলে গেলে, নতুন সরকার শপথ নিলে ঢাকা মহানগরসহ, সারাদেশে দলীয় সংগঠনগুলো ঢেলে সাজানোর কাজে হাত দেয়া হবে। এজন্য আওয়ামী লীগের ইঞ্জিন ঢাকা মহানগরকে প্রথমেই সচল করা হবে। কারণ ইঞ্জিন সচল না থাকলে বডিও অচল হয়ে পড়বে।’ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।
Posted ১০:৩৭ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin