| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
সরওয়ার জাহান, রংপুর : বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা, সজীব ওয়াজেদ জয় বলেছেন- বিরোধী দলের শত বাধা উপেক্ষা করে বছরের শুরুতেই আওয়ামী লীগ সরকার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর হাতে বিনামুল্যে বই তুলে দিতে পেরেছে। ডিগ্রী পর্যন্ত মেয়েদের শুধু উপবৃত্তি দেয়া হচ্ছে। আমাদের পরিকল্পনা আছে ডিগ্রী পর্যন্ত সকল স্তরে বিনামুল্যে শিক্ষা চালু করার। তিনি বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী বন্দরে স্থানীয় আ’লীগ আয়োজিত তার মায়ের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ওই পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ এমপি, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নসরুল হামিদ বিপু এমপি, উপজেলা আ’লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনসেফা পারভীন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল প্রমুখ।
সজীব ওয়াজেদ জয় বলেন, গরীব মানুষদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিতে ইতিমধ্যেই সারাদেশে ১৪ হাজার স্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে। প্রতিটি গ্রামে একটি করে স্বাস্থ্য কেন্দ্র বানানোরও পরিকল্পনা আছে, যেখানে আপনারা বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পাবেন। দেশের আয় বেড়েছে, দেশের মানুষের আয় বেড়েছে তাই আপনারা ভালো আছেন। আমরা বিদ্যুৎ দিয়েছি, আগে যেখানে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকতো সেখানে মানুষ লোডশেডিংয়ের কথা ভূলতে বসেছে। আগে যেখানে ৩ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো সেখানে আওয়ামী লীগ সরকার গত ৫ বছরে বিদ্যুতের উৎপাদন ১০ হাজার মেঘাওয়াটে উন্নীত করেছে। আগামীতে সরকার গঠন করতে পারলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানো হবে। এ জন্য আপনাদের আমার মা, শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে সহযোগীতা করতে হবে। অন্য সরকারের আমলে মানুষ জমিজমা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে চাকুরীর জন্য বিদেশে যেতো কিন্তু এ সরকারের আমলে মাত্র ৩০ হাজার টাকা খরচ করে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের মাধ্যমে বিদেশ যেতে পারছে। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করতে পেরেছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয় প্রশ্ন করে বলেন, বিরোধী দল দেশে যে আন্দোলন চালাচ্ছে, সেটা কিসের আন্দোলন, কি কারণে আন্দোলন? তারা কোন আন্দোলনই করতে পারেনি, তারা আন্দোলনের নামে সারাদেশে সন্ত্রাস চালাচ্ছে। গত কয়েকমাস ধরে আন্দোলনের নামে নিরীহ মানুষকে পেট্রোল ও আগুন দিয়ে পুড়িয়েছে। বোমাবাজী করে সন্ত্রাস চালিয়ে মানুষের বাড়ীতে আগুন দিয়েছে। বিরোধী দল যে আন্দোলনই করেছে তার সবকিছুই যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য। কিন্তু তারা কোনভাবেই যুদ্ধাপরাধীদের বাচাতে পারবেন না। আগামী ৫ জানুয়ারী যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে আমার মা শেখ হাসিনা নৌকা মার্কা নিয়ে রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আশা করি আপনারা সবাই আমার মাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিগত ৫ বছরে আমরা দেশকে অনেক এগিয়ে নিয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ জঙ্গীবাদিদের উত্থান ঠেকাতেই নৌকা মার্কায় ভোট দিতে হবে। ভেন্ডাবাড়ীবাসির পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীকে সমর্থন করে সজীব ওয়াজেদ জয় বলেন, আগামীতে সরকার গঠন করতে পারলে ভেন্ডাবাড়ীকে উপজেলায় রুপান্তর করা হবে।
এরপর তিনি উপজেলার বড়দরগাহ ও পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ এ পৃথক আরো ২টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন। আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিজ বাসভবন ‘জয় সদন’ এ মত বিনিময় সভা করবেন।
Posted ১৫:৫৮ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin