| শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
গণতন্ত্র রক্ষার আন্দোলনে সব বাধা উপেক্ষা করে আগামী রোববার নয়াপল্টনে হাজির হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। কোনো কারণে তিনি পাশে থাকতে না পারলেও সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ আহবান জানান খালেদা।
নেতাকর্মী ও জনগণের উদ্দেশে খালেদা জিয়া বলেন, গণজমায়েতে কোনো কারণে পাশে থাকতে না পারলেও আন্দোলন চালিয়ে যান। বহু রক্তের বিনিময়ে গণতন্ত্র এনেছি আমরা। এদেশের গণতন্ত্র আমরাই রক্ষা করবো। প্রহসনের নির্বাচনকে ‘না’ বলতে জনগণকে মার্চ ফর ডেমোক্রেসিতে শামিল হওয়ার আহবান জানান তিনি। ১৮ দলীয় জোটের পঞ্চম দফার অবরোধ শেষে মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ‘রোড ফর ডেমোক্রেসি’ শিরোনামে ২৯ ডিসেম্বর ঢাকামুখী অভিযাত্রার ঘোষণা দেন খালেদা জিয়া। কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েতের লক্ষ্যে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করে বিএনপি।
তবে নাশকতার আশঙ্কা দেখিয়ে শুক্রবার দুপুরে বিএনপির ওই আবেদন নাকচ করে দেয় ডিএমপি। এর পরপরই ভিডিওবার্তায় বাধা সত্ত্বেও নয়াপল্টনে উপস্থিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি এই আহবান জানালেন খালেদা জিয়া। এর আগে অবরোধ চলাকালে দলের মুখপাত্রের ভূমিকায় একাধিকবার গণমাধ্যমে গোপনভিডিও বার্তা পাঠিয়েছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।
Posted ২১:৫২ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin