রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামী ২৬ ডিসেম্বর সেনা মোতায়েন, থাকবে ৯ জানুয়ারি পর্যন্ত

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

আগামী ২৬ ডিসেম্বর সেনা মোতায়েন, থাকবে ৯ জানুয়ারি পর্যন্ত

ec

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনের জন্য দেশজুড়ে সেনা মোতায়েন থাকবে। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার ও জেলা পুলিশ সুপাদের সাথে বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তবে ৯ জানুয়ারির পরেও সেনা সদস্যরা মাঠে থাকবে কি না এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

তিনি বলেন, এখনই এটা প্রয়োজন বোধ করছি না। তবে প্রয়োজন দেখা দিলে লোকাল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আরও বেশি সময় থাকতে পারে।

কত সংখ্যক সেনা সদস্য মাঠে থাকবে সে সংখ্যাও উল্লেখ করেননি সিইসি। এ বিষয়ে তিনি বলেন, ৮ম নির্বাচনে যে পরিমান মোতায়েন হয়েছিলো, এবারেও সে সংখ্যা বা তার চাইতে বেশি সেনা সদস্য মোতায়েন হবে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ সংখ্যাটি নির্ণয় করা হবে বলে জানান তিনি।

সিইসি জানান, প্রত্যেক জেলায় সেনাদের ঘাঁটি থাকবে। সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে প্রয়োজন সংখ্যক ম্যাজিস্ট্রেটও থাকবে।

আচরণবিধি লঙ্ঘণ বরদাশত করা হবে না’ মন্তব্য করে সিইসি বলেন, আচরণবিধি লঙ্ঘণ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবাইকে এ বিষয়ে শক্তভাবে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সশস্ত্রবাহিনী কাজ করবে। ২২ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারসহ সব ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভোটারদের নিরাপত্তায় এবং ভোটদানে সহযোগীতা করতে সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

অপরাধীদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করতে সেনা বাহিনী ও বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে। এছাড়া যেসব প্রার্থী নিরাপত্তা চেয়ে আবেদন করেছে তাদের নিরাপত্তা দেয়া হবে এবং কয়েকজনকে ইতোমধ্যে দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবং ডিসিদের (রিটার্নিং কর্মকর্তা) পরামর্শ অনুযায়ী সেনা মোতায়েনের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন একজন উর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠকে রিটার্নিং কর্মকর্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করে সেনা বাহিনী ২৬ তারিখ থেকে মোতায়েনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অধিক ফোর্স চেয়ে আবেদন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইন-শৃঙ্খলা বাহিনীর সভার কার্যপত্র থেকে জানা যায়, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা, প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা করা এবং ভোটারদের নির্ভয়ে ভোট দেয়া নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দল মত নির্বিশেষে চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, মাস্তান, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং কারও বিরুদ্ধে হয়রানিমূলক বা বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ না করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব ও আর্মড পুলিশ। ব্যাটালিয়ান আনসার সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে মোবাইল টিমের দায়িত্বে থাকবে পুলিশ।

ভোটদানের জন্য ভোটারগণ যাতে নির্ভিগ্নে ও স্বাচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য নিশ্চিয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমান ইউনিটসমূহ কাজ করবে। গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যে কোনো প্রকার অশুভ কার্যকলাপ প্রতিরোধে সজাগ থাকতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা তাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং প্রার্থীদের নানা অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা চান।

কার্যপত্র অনুযায়ী প্রতি কেন্দ্রে ৪ জন অস্ত্রধারীসহ ১৫ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৫ জন অস্ত্রধারীসহ ১৬ দায়িত্ব পালন করবে। এছাড়া মেট্রোপলিটন এলাকায় প্রতিকেন্দ্রে ৪ জন অস্ত্রধারীসহ ১৬ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৫ জন অস্ত্রধারীসহ ১৮ জন দায়িত্ব পালন করবে। পার্বত্য এলাকায় ৬ জন অস্ত্রধারীসহ ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৮ জন অস্ত্রধারীসহ ১৯ জন পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য কাজ করবে।

নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন প্রার্থী নির্বাচিত হওয়ায় বাকী ১৪৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬১ জন রিটার্নিং কর্মকর্তা ও ২৮৬ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৬৭০ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ১২৩ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯০ হাজার ৭২৪ জন।

মনিটরিং সেল : নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১ জানুয়ারি ২০১৪ থেকে একটি সেল খোলা হবে। এই সেল পরিস্থিতি সম্পর্কে সম্মিলিত বাহিনীকে অবহিত করবে।

ভিজিল্যান্স টিম : বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেক্টরাল ইনকোয়ারী কমিটিকে সহায়তা করতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করা হবে। যারা নির্বাচনী অপরাধ খতিয়ে দেখবে।

আইন-শৃঙ্খলা সমন্বয় সেল : নির্বাচন কমিশন সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সমন্বয় সেল গঠন করা হবে। এতে পুলিশ, আনাসার, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং গোয়েন্দা সংস্থার একজন করে প্রতিনিধি থাকবে। যারা ভোটগ্রহণের ৫ দিন আগে থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমন্বয়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় ও ইসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, অর্থমন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক-বিজিবি, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, এসবি, ডিজিএফআই ও র‌্যাব, অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ মহাপরিদর্শক (সকল রেঞ্জ), ডিসি (রিটার্নিং কর্মকর্তা), পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচাল-আনসার ভিডিপি (সকল রেঞ্জ), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা।

advertisement

Posted ২২:০২ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com