| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২০ নভেম্বর: আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
তিনি বলেছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। দু’একদিনের মধ্যে বৈঠকে বসে তফসিল ঘোষণা করবে কমিশন।
দুপুরে সাংবাদিকদের ব্রিফ করার সময় শাহনেওয়াজ জানান, গতকাল নির্বাচনের প্রস্তুতির বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে নির্বাচন সংক্রান্ত পরামর্শও নেওয়া হয়েছে তার কাছ থেকে।
দেশের মানুষ যাতে শান্তিতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন এজন্য নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।
শাহনেওয়াজ বলেন, একযোগে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেসব দিয়ে পুরোপুরি শান্তি শৃঙ্খলা রক্ষা অসম্ভব। রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনীর সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আলোচনার জন্য রাষ্ট্রপতিকে যে আহ্বান জানিয়েছে, তাতে তফসিল ঘোষণা কিংবা নির্বাচন অনুষ্ঠানে কোন প্রভাব পড়বেনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হলেও সাংবিধানিক সময় অনুযায়ী যথানিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ১৪:০৯ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin