| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সাভার: ১৮ দলের অবরোধের সময় যাদের গাড়ি-বাড়ির ক্ষতি হচ্ছে, তাদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহযোগিত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, “হরতাল-অবরোধ উপেক্ষা করে গাড়ি চালাতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদেরও সেই সহযোগিতা দেয়া হবে।”
শুক্রবার সাভারের গণবিশ্ববিদ্যালয়ের পিএইচএ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সেখানে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্পশ্রমিক ফেডারেশনের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
নৌমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক ও রেলপথে নাশকতা চালানোর চেষ্টা করছে। এটি কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এটি হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, যার পক্ষ নিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ পক্ষপাতিত্বের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, খালেদা জিয়া এ দেশের মঙ্গল চান না।”
মন্ত্রী আরও বলেন, জামায়াত-শিবিরের হামলার কারণে আতঙ্কিত হয়ে দূরপাল্লার গাড়ি চালাচ্ছে না মালিকপক্ষ। যাত্রীরাও আতঙ্কের কারণে বাইরে বের হচ্ছেন না। আমরা সেই ভীতির জায়গা থেকে বের হয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছি।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সাংসদ ডা. এনামুর রহমান, সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান ইমু, আওয়ামী লীগের নেতা কাদের দেওয়ান, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্পশ্রমিক ফেডারেশনের সভাপতি সুজন আহমেদ প্রমুখ।
Posted ২১:৪২ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin