| রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে ৮৩ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে দেশ।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে পঞ্চম দফায় গত শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।
রবিবার দ্বিতীয় দিন অবরোধ চলাকালে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সকাল ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সকালে মালিবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে শাহজাহানপুরে ঝটিকা মিছিল করেন শিবিরকর্মীরা।
অবরোধ কর্মসূচির শুরু থেকেই সারাদেশে যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মোতায়েন রয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি র্যাবের টহল দলও বাড়ানো হয়।
এদিকে রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কালীগঞ্জ সড়কে সকাল সোয়া ৭টার দিকে বিএনপিকর্মীরা আগুন জ্বেলে সড়ক অবরোধ করেন। ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন অবরোধ-সমর্থকরা। বগুড়ায় কয়েকটি ট্রাকে এবং সিরাজগঞ্জে গাড়িতে আগুন দেয়া হয়েছে।
রাজধানীর বাইরে অবরোধ কর্মসূচির খবর :
বগুড়া : জেলায় আরো ৩টি ট্রাকে আগুন এবং একটি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ভোরে বগুড়া-রংপুর মহাসড়কে এসব যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। এর আগে শনিবার রাতে ৬টি যানবাহনে আগুন এবং ৩০টির বেশি যানবাহন ভাংচুর করে অবরোধ সমর্থকরা।
জানা যায়, ভোর ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান ফিলিং স্টেশনের কাছে দুর্বৃত্তরা ২টি ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে মারপিট করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এরপর ট্রাক দুটিতে অগ্নিসংযোগ করে।
একই সময় গোকুল এলাকায় দুর্বৃত্তদের ধাওয়া খেয়ে একটি ট্রাক মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পড়ে ওই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়াও একই সড়কে ঠেঙ্গামারা এলাকায় একটি বাস ভাংচুর করে দুর্বৃত্তরা।
সকাল ৮টায় মহাসড়কেরর মাটিডালি এলাকায় জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের নেতেৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ ও মিছিল করে।
এদিকে শনিবার রাতে মহাসড়কে ৬টি যানবাহনে আগুন এবং ৩০টির বেশি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের প্রহরায় এসব যানবাহন চলাচল করার সময় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে বেশ কিছু পণ্যবাহী ট্রাক পুলিশ প্রহরায় ঢাকা যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর থানার আঁধারঘাট এলাকায় অবরোধ সমর্থকরা ৪টি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকগুলোর আগুন নিভিয়ে ফেলেন।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে বগুড়া সদর থানার এরুলিয়া এলাকায় অবরোধকারী একটি মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেয়।
এ ছাড়াও সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মহাসড়কে ৩০টির বেশি যানবাহন ভাংচুর করেছে অবরোধকারীরা।
সিরাজগঞ্জ : জেলার বিভিন্ন স্থানে ২টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৪টি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটিয়েছে অবরোধকারীরা। এতে আহত হয়েছেন ৩ জন। ভোরে শহরে ২টি এবং উল্লাপাড়ার ১টি স্থানে এসব ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সিরাজগঞ্জ শহরের রায়পুর রেলস্টেশনের কাছে একটি মাইক্রোবাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ সময় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাশের একটি দোকান এবং রিকশায় আগুন ধরে গেলে ৩ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।
এদিকে শহরের মতিন সাহেবের ঘাটে দাঁড়িয়ে থাকা ৪টি ট্রাক ভাংচুর করে অবরোধকারীরা। এ ছাড়া সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় আরেকটি মাইক্রোবাসে আগুন দেয় অবরোধকারীরা।
অন্যদিকে ভোরে সিরাজগঞ্জ রায়গঞ্জগঞ্জ আঞ্চলিক সড়কের রহমতগঞ্জ এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করেন।
মেহেরপুর : সকাল ৮টার দিকে জেলার কায়েম কাটার এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
চারটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। কয়েক মিনিটি বিক্ষোভ প্রদর্শন করে তারা স্থান ত্যাগ করেন।
পাবনা : জেলায় মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে জামায়াত-শিবির। সকালে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
Posted ২২:৩৪ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin